
নিউজ ডেস্ক : জুলাই গণহত্যা মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে শর্তসাপেক্ষে ক্ষমা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজসাক্ষী হিসেবে অপরাধ স্বীকার এবং বিচার প্রক্রিয়ায় সহায়তার প্রতিশ্রুতির ভিত্তিতে তাকে এই ক্ষমা দেওয়া হয়েছে।
গত ১০ জুলাই দেওয়া এ সংক্রান্ত আদেশের লিখিত অনুলিপি শনিবার (১২ জুলাই) প্রকাশ করা হয়েছে। ট্রাইব্যুনালের আদেশে বলা হয়েছে, মামুন তার নিজের ও সংশ্লিষ্ট অন্যদের অপরাধের বিস্তারিত তথ্য আদালতে উপস্থাপন করবেন এবং ট্রাইব্যুনালের ডাকে যেকোনো সময় সাক্ষ্য দিতে প্রস্তুত থাকবেন—এই শর্তে তাকে ক্ষমা করা হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, মামুন যেহেতু ক্ষমা গ্রহণ করেছেন, তার ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে তাকে কারাগারে অন্য বন্দিদের থেকে পৃথকভাবে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেল কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চৌধুরী মামুনের আইনজীবী অ্যাডভোকেট জায়েদ বিন আমজাদ জানিয়েছেন, “রাজসাক্ষী হিসেবে জুলাই গণহত্যার সব তথ্য ট্রাইব্যুনালে তুলে ধরলে এবং আদালতের সহায়তা করলে তবেই এ ক্ষমার আদেশ কার্যকর হবে।”
উল্লেখ্য, ১০ জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চৌধুরী মামুন বলেন, “জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আমাদের বিরুদ্ধে আনা হত্যা ও গণহত্যার অভিযোগ সত্য। আমি নিজেকে দোষী মনে করি এবং রাজসাক্ষী হয়ে এসব অপরাধের পুঙ্খানুপুঙ্খ তথ্য আদালতে উপস্থাপন করতে চাই।”
তিনি আরও জানান, আদালতের সহায়তায় তিনি এই ঘটনার পেছনের রহস্য উন্মোচনে ভূমিকা রাখতে চান।