
নিজস্ব প্রতিবেদক, রাবি : চব্বিশের জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ‘জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ’ শীর্ষক র্যালি করেছে ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট থেকে শুরু হয়ে র্যালিটি তালাইমারি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সংগঠনটির নেতাকর্মীরা ‘দালালী না আজাদী, আজাদী আজাদী’, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কী তোর বাপ-দাদার?’,‘হৈ হৈ রৈ রৈ হাসিনা গেলি কই?’ ‘আবু রায়হান মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘শিবিরের অপর নাম, আদর্শ-সংগ্রাম’র মতো স্লোগানে চারিদিক মুখরিত করে তোলেন।
সমাবেশে শাখা ছাত্রশিবিরের বাইতুল মাল সম্পাদক মুজাহিদ ইসলাম বলেন, ‘গত ১৬ বছর আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি, আমাদের মুখ বন্ধ করে রাখা হয়েছিল। আমাদের অনেক নেতাকর্মীদের জেলে বন্দী করে রাখা হয়েছিল। বিপ্লবের পরে অন্তর্বর্তীকালীন সরকারের যে বিপ্লবী ভূমিকা পালন করার কথা ছিল, তা পালনে ব্যর্থ হয়েছে।’
তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবকে উদ্দেশ্য করে বলেন, ‘ উপাচার্য আপনি সুশীলগিরি বাদ দিয়ে ফ্যাসিবাদের দোসরদের বিচারে প্রশাসনকে সহায়তা করুন। নাহলে ছাত্রজনতা স্বৈরাচারকে যেভাবে গদি থেকে নামিয়েছে, আপনাকেও নামাতে সময় লাগবেনা।’
শাখা এইচআরডি সম্পাদক শহীদ ইমরান বলেন, ‘শেখ হাসিনা বলেছিল, ‘হাসিনা পালায় না’। কিন্তু গত বছরের এই দিনে ছাত্রজনতার সংগ্রামের মুখে সে দেশ ছেড়ে দিল্লিতে পালাতে বাধ্য হয়েছিল। এই বাংলাদেশে নতুন করে যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করে, তার পরিণতিও আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনা মতোই হবে।’
ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘গতবছর ৫ আগস্ট যে আবেগ ও অনুভূতি নিয়ে স্লোগান ধরেছিলাম, এক বছর পর এসে সেই অনুভূতি আমাদের মাঝে নেই।
এখনও আমাদের সংস্কারের জন্য রাস্তায় নেমে স্লোগান দিতে হচ্ছে। ফ্যাসিবাদ আমলে আমাদের শিক্ষাব্যবস্থা ধংস করা হয়েছিল। বিপ্লবের এক বছর পরে এসেও এখন পর্যন্ত শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করা হয়নি। পাঠ্যবইয়ে শহীদ আলী রায়হানের মতো শহীদদের কথাও উঠে আসিনি। আমরা গণ অভ্যুত্থানকে বিপ্লবে পরিণত করতে চেয়েছিলাম, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি।’
শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘যারা বলে আন্দোলনে শিবিরের ভূমিকা কী ছিল? আমরা তাদের উদ্দেশ্য বলতে চাই, আমরা তোমাদের বিরোধী মনে করি না। আমরা একই সাথে আন্দোলন করেছি। কিন্তু তোমরা যদি আন্দোলনে শিবিরের ভূমিকা অস্বীকার করতে চাও, তোমাদের উদ্দেশ্য বলে দিতে চাই, তোমরা শহীদ আলী রায়হানের সম্পর্কে জানো।’
সমাবেশটি সঞ্চালনা করেন করেন শাখা ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক হাফেজ মেহেদী হাসান। কর্মসূচিতে শাখা ছাত্রশিবিরের দুই শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।