
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে দেশের সর্বোচ্চ উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও রাজশাহী-৫ আসনের দুইবারের মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন ধর্মপ্রাণ ও দেশপ্রেমিক মানুষ। তিনিই সর্বপ্রথম সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেন। বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল। দেশের মানুষের ধর্মীয় অধিকার ও মূল্যবোধ রক্ষায় বিএনপি অতীতে যেমন কাজ করেছে, ভবিষ্যতেও করে যাবে।”
তিনি আরও বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই আজকের যুগোপযোগী রাজনৈতিক লক্ষ্য। নতুন নতুন বিভ্রান্তিমূলক কথা বলে জনগণকে প্রতারিত করা যাবে না। দেশের মুক্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া স্কুল মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। ঝালুকা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই সভা শেষে অনুষ্ঠিত হয় একটি বিশাল মোটরসাইকেল র্যালি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার আবু বক্কর সিদ্দিক (রাজন)। সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা মৃধা, জেলা যুবদলের সদস্য মাসুদ রানা মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফর রহমান ও সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য মাহাবুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য রেন্টু, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মৃদুল সরকার, উপজেলা বিএনপির সদস্য বাক্কার হোসেন, পুঠিয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আলাল, পুঠিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আফজাল হোসেনসহ দুর্গাপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।
সভা শেষে বিশাল মোটরসাইকেল র্যালি কাঁঠালবাড়িয়া থেকে শুরু হয়ে ঝালুকা বাজার ঘুরে কুহাড় মাঠে গিয়ে শেষ হয়। র্যালিতে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে নেতা-কর্মীরা অংশ নেয়।