
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের হোসেনপুরে সদ্য ঘোষিত ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন নিয়েছেন।
সোমবার (১০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে পৌর সদর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়াও এ ঘটনায় একটি মোটরসাইকেল আগুন দেওয়া হয়। বর্তমানে বাজারের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে দুই পক্ষের মধ্যে এখনও উত্তেজনা রয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে সদ্য ঘোষিত কমিটির নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে আসেন। এমন খবরে পদ বঞ্চিত ও বিদ্রোহ করা নেতারাও উপস্থিত হয় পৌর সদর বাজারে। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় কমিটি পাওয়া নেতাকর্মীরা অবস্থান নেয় হাসপাতাল মোড়ে আর অপর পক্ষ অবস্থান নেয় বাজারে পশ্চিম পট্টি মোড়ে। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়ালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হোসেনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি এবং কাউকে আটকও করা হয়নি।







