
নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চা শ্রমিকদের শিক্ষিত করে আধুনিক বাগান ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের। তিনি বলেন, “ধর্মের ভিত্তিতে আমরা কাউকে বিবেচনা করি না। আমরা একটি বন্ধুপ্রতিম সমাজ গড়ে তুলতে চাই। চা শ্রমিকদের বলতে চাই—আপনার ডাক আসতে সময় লাগলেও, আমাদের পৌঁছাতে সময় লাগবে না। আমরা সবাই এই দেশের মালিক।”
রোববার (২৫ মে) মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
চা শ্রমিকদের নাগরিক অধিকার ও জীবনমান উন্নয়নের বিষয়টি গুরুত্ব দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “এ দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। সরকারকে চা শ্রমিকদেরও সেই অধিকার দিতে হবে। তারা এখনও মৌলিক অধিকারের বাইরে অবস্থান করছে। আমরা যদি জনগণের ভোটে দায়িত্ব পাই, তাহলে তাদের সম্মানজনক জীবন ও সন্তানদের প্রতিভা বিকাশে পাশে থাকব।”
তিনি আরও জানান, শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। “বৈঠকে আমরা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নানা প্রস্তাবনা তুলে ধরেছি। প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, এমন একটি নির্বাচন হবে, যেখানে প্রতিটি ভোটার হাসিমুখে ভোট দিতে পারবেন। কারো জায়গায় আর কেউ ভোট দেবে না,”—বলেন জামায়াত আমির।
নির্বাচনে স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে বলেও তিনি জানান। পাশাপাশি ভারতকে মানবিক করিডোর না দেওয়ার বিষয়ে দলীয় অবস্থান সরকারকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম। এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম, জেলা আমির প্রকৌশলী এম. সায়েদ আলী, সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামীর আলী, উপজেলা জামায়াতের সাবেক আমির খন্দকার আব্দুস সোবহান, প্রভাষক হামিদ খান, বর্তমান সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. নিজাম উদ্দিন।
চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ছাড়াও জামায়াত আমির দিনের অন্যান্য কর্মসূচিতে অংশ নেন। সকালে ব্রাহ্মণবাজারে মহিলা সমাবেশ, দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের দায়িত্বশীল সম্মেলন এবং বিকেল থেকে রাত পর্যন্ত শমশেরনগর, শরীফপুর ও হাজীপুরে পৃথক মতবিনিময় সভা ও সমাবেশে যোগ দেন তিনি।