
নিজস্ব প্রতিবেদক : “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি”—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে বকনা বাছুর ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ দপ্তর চত্বরে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই কার্যক্রমটি সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত)-এর আওতায় বাস্তবায়িত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান এবং বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) জেলা সহ-সভাপতি নজরুল ইসলাম বাচ্চু। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার চারঘাট প্রতিনিধি আতিকুর রহমান আশা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে পাঁচজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যকে একজন করে বকনা বাছুর, ২৫টি টিন, ২০টি খুঁটি, ৫টি রাবার ম্যাট এবং প্রয়োজনীয় ওষুধ ও গৃহনির্মাণ সামগ্রী প্রদান করা হয়।
বক্তারা বলেন, এই উদ্যোগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এবং তাদের আত্মনির্ভরশীল করে তুলবে।
# ম/শি#।