
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর ফল উৎপাদনে সমৃদ্ধ চারঘাট উপজেলায় পেঁয়াজ সংরক্ষণ প্রযুক্তি ও রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এর প্রশাসন ও অর্থ উইং-এর অতিরিক্ত পরিচালক ড. কাজী মোহাম্মদ মজিবুর রহমান।
গত ১৬ মে (শুক্রবার) চারঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে “পার্টনার” প্রকল্পের আওতায় গ্যাপ (GAP) সার্টিফিকেশন ভিত্তিক কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মজিবুর রহমান।
প্রশিক্ষণ শেষে তিনি পার্টনার প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এর মধ্যে ছিল: শলুয়া ইউনিয়নের হলিদাগাছি গ্রামের মামুন আলীর পেয়ারা ও বেদানা চাষ, দৌলতপুরে বাচ্চু আলীর এয়ার ফ্লো মেশিনে পেঁয়াজ সংরক্ষণ পদ্ধতি, রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রদর্শনী, মাশরুম ও মাঠ ফসল প্রদর্শনী।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান, রাজশাহী জেলার উপ-পরিচালক উম্মে সালমা, জেলা প্রশিক্ষণ অফিসার আমিরুল ইসলাম, চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ আহমেদসহ ডিএই-এর অন্যান্য কর্মকর্তা।
প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, “টেকসই কৃষির জন্য উন্নত প্রশিক্ষণ ও প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্যাপ সার্টিফিকেশন গ্রহণের মাধ্যমে কৃষিপণ্য রপ্তানির নতুন দ্বার উন্মোচিত হবে।” তিনি কৃষি উন্নয়ন বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।