
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সারা দেশে চলমান চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, আইনশৃঙ্খলার অবনতি এবং ঢাকায় নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের এসএস রোড প্রদক্ষিণ করে বাজার স্টেশন মুক্তির শোপানে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিক্ষার্থীরা এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য দেন সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী জুবায়ের আল ইসলাম সেজান, আব্দুস সবুর তালুকদার ও মুনতাসীর মেহেদী হাসান প্রমুখ।
বক্তারা বলেন, সারা দেশে পরিকল্পিতভাবে সন্ত্রাস, চাঁদাবাজি এবং বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং গণতান্ত্রিকভাবে এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।