
নিউজ ডেস্ক : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ‘বুধবারের সহিংসতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এতে ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৫০০ জন অজ্ঞাত। তদন্তের মাধ্যমে আরও আসামির সংখ্যা বাড়তে পারে।’
এদিকে, সহিংসতার পর থেকে যৌথ বাহিনী গোপালগঞ্জে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত ৪৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি সাজেদুর রহমান।
উল্লেখ্য, গত বুধবার (১৬ জুলাই) এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষ, হামলা, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর পরদিন থেকেই গোপালগঞ্জে যৌথ বাহিনীর তল্লাশি ও গ্রেপ্তার অভিযান চলছে।
এদিকে, সংঘটিত সহিংসতার ঘটনায় গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে শুক্রবার (১৮ জুলাই) সকাল পর্যন্ত মোট ৪৫ জনকে আটক করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ দিন দুপুর সাড়ে ১২টার দিকে মির মো. সাজেদুর রহমান বলেন, এ ঘটনায় সদর থানায় এখন পর্যন্ত ৪৫ জন আটক আছেন। তাদের থানায় রাখা হয়েছে। এর আগে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছিল। অন্য ২০ জনকে গতকাল রাতে যৌথ বাহিনী গোপালগঞ্জের বিভিন্ন স্থান থেকে আটক করে থানায় হস্তান্তর করেছে।