
নিজস্ব প্রতিবেদক: নাটোরের চলনবিলের গুরুদাসপুরে ৪০ বছর পর ফিরে এসেছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। শিশু-কিশোর, নারী-পুরুষ ও প্রবীণ দর্শকরা সকাল থেকেই বিলপাড়ে সমবেত হয়ে নদীর ঢেউ আর নৌকার ছন্দে মেতে ওঠেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টায় নাটোর জেলা প্রশাসনের আয়োজনে খুবজীপুর ইউনিয়নের বিলশা এলাকায় আয়োজিত প্রতিযোগিতায় স্বাস্থ্য সচিব মো: সাইদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাজশাহী বিভাগীয় কমিশনার, পুলিশ ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা সহ স্থানীয় ও আশপাশের জেলা থেকে প্রায় লক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন।
প্রথম ধাপে নাটোর, সিরাজগঞ্জ ও পাবনার ২১টি নৌকা নিবন্ধিত হয়। সেখান থেকে বাছাই করা ১২টি নৌকা দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন ধাপে প্রতিযোগিতা করে। ‘নিউ একতা এক্সপ্রেস’ চ্যাম্পিয়ন হয়, রানারআপ ‘বাংলার বাঘ’ ও তৃতীয় হয় ‘আল মদিনা’। বিজয়ীদের জন্য মোটরসাইকেল, রেফ্রিজারেটর ও এলইডি টেলিভিশন প্রদান করা হয়।
জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, “৪০ বছর পর নৌকা বাইচ অনুষ্ঠিত হলো। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যাব, সেনা ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেছেন।”
গুরুদাসপুর ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, “এটি কেবল প্রতিযোগিতা নয়, চলনবিলের ইতিহাস ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক মহৎ উদ্যোগ।”
স্বাস্থ্য সচিব সাইদুর রহমান যোগ করেন, “নৌকা বাইচ, শিক্ষা ও সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মকে সুস্থ দেহ ও সুন্দর মন নিয়ে গড়ে তোলা হবে। গ্রামীণ সংস্কৃতির পুনর্জাগরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি হয়েছে।