
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় তিন ফসলি জমি ও বসতবাড়ির ওপর দিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং টাওয়ার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
শুক্রবার বিকেলে উপজেলার টেংগারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর বাজারে এ কর্মসূচির আয়োজন করেন এলাকাবাসী। এতে শতাধিক গ্রামবাসী অংশ নেন।
বক্তারা বলেন, কৃষিজমি ও বসতবাড়ির ওপর দিয়ে হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন ও টাওয়ার নির্মাণের ফলে জমির মূল্য হ্রাস পাচ্ছে, কৃষিকাজ বাধাগ্রস্ত হচ্ছে এবং বসতঘর নির্মাণে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। শিল্পাঞ্চলে রূপ নিলেও গজারিয়ায় এখনও কৃষি জীবিকা নির্ভর জনগোষ্ঠীর সংখ্যা বেশি, এমন পরিস্থিতিতে কৃষিজমি নষ্ট করা মেনে নেওয়া হবে না বলে তারা হুঁশিয়ারি দেন।
স্থানীয়দের অভিযোগ, লাইনের কারণে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে, পরিবার নিয়ে বসবাস করাও কষ্টকর হয়ে পড়েছে। তারা অবিলম্বে বিকল্প রুট নির্ধারণ এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণের দাবি জানান। দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভাটেরচর দে.এ. মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাখাওয়াত হোসেন, ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি সিরাজুল ইসলাম, সমাজসেবক মোদাচ্ছের হক, ব্যবসায়ী এমএ মতিন, গোলাম মাওলা দেওয়ান, গোলাম মোস্তফা মুন্সী, জাকির হোসেন, চাঁন মিয়া, নুরুজ্জামান, হুমায়ুন প্রধান, লিটন প্রধানসহ অনেকে।