
নিজস্ব প্রতিবেদক : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেধাবী ছাত্র ইফাজের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টা ৪৫ মিনিট থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৫০-৬০ জন ছাত্রদল নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি রাজশাহী কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ স্থান জাদুঘর মোড় প্রদক্ষিণ করে পুনরায় কলেজে ফিরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মোঃ খালিদ বিন ওয়ালিদ (আবির), সদস্য সচিব মোঃ আমিনুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ রাশিকুজ্জামান প্রীতম, সারোয়ার আলম সাফি, মোঃ জুবায়ের হোসেন, মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ সামিউল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা কুয়েটের মেধাবী ছাত্র ইফাজের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এই জঘন্য হামলা দেশের শিক্ষাঙ্গনে সন্ত্রাসের নগ্ন বহিঃপ্রকাশ। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
নেতৃবৃন্দ আরও বলেন, ছাত্র সমাজ কখনোই এ ধরনের বর্বরতার কাছে মাথা নত করবে না। দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে সন্ত্রাসমুক্ত, নিরাপদ ও শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে।