নিজস্ব প্রতিবেদক, রাবি : কমিটি গঠনের মাত্র ছয় দিনের মাথায় দায়িত্বে অবহেলার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের নবাব আব্দুল লতিফ হল শাখার দুই শীর্ষ নেতাকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত শনিবার (১৬ আগস্ট) এই হল কমিটি ঘোষণা করা হয়েছিল।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন হল শাখার সাধারণ সম্পাদক মৃধুল হোসেন এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান।
শুক্রবার (২২ আগস্ট) রাতে রাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক দায়িত্বে অবহেলার কারণে নবাব আব্দুল লতিফ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধুল হোসেন এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান খানকে সংগঠনের সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’
বিজ্ঞপ্তিতে হল শাখার কার্যক্রম গতিশীল রাখতে তিনজনকে নতুন দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে। নতুন সাধারণ সম্পাদক হিসেবে সৌমেন চক্রবর্তী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রাসেল মিয়া এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মেহেদি হাসান মুরাদকে মনোনীত করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম এই নির্দেশনা প্রদান করেন বলে জানানো হয়েছে।