
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের চারবারের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী মাত্র সপ্তাহ খানেক আগে দেশ ছেড়েছেন। তিনি কোন দেশে গেছেন তা স্পস্ট না করলেও ভারতের কথা ঈঙ্গিত করেছেন। তবে এতোদিন দেশের কোথায় আত্মগোপনে ছিলেন তা তিনি জানাননি।
গত ২১ মে গোদাগাড়ীর আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের সঙ্গে তিনি মোবাইল ফোনে কথা বলেন। এ সময় তিনি দেশ ত্যাগের বিষয়টি জানান।
আবুল কালাম আজাদ বলেন, খোঁজখবর নেওয়ার জন্য ফারুক চৌধুরী আমাকে ফোন দিয়েছিলেন। এক সপ্তাহ আগে ভারতে গেছেন বলে জানিয়েছেন। তিনি অসুস্থ, চিকিৎসা নিচ্ছেন। এর বেশিকিছু বলেননি।
তিনি বলেন, সাবেক এমপির কাছে জানতে চেয়ে ছিলাম কোন দেশে আছেন? তিনি বলেছেন, কোন দেশে আছি সেটা এখন বলা যাবে না। তার সম্পদের দেখভাল কে করছে জানতে চাইলেও তিনি এ বিষয়ে কোনো কথা বলতে চান না জানিয়ে সংযোগ কেটে দেন।