
নিউজ ডেস্ক : গাজীপুরের জয়দেবপুর থানায় গিয়ে কনস্টেবলকে ‘স্যার’ ডাকায় ধরা পড়েছেন পুলিশের ইউনিফর্ম পরে আসা এক ভুয়া নারী এসআই। তার নাম তানিয়া।
থানা সূত্র জানায়, বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১০টার দিকে পাওনা টাকার একটি বিষয়ে অভিযোগ জানাতে জয়দেবপুর থানায় আসেন তানিয়া। তিনি নিজেকে সাব-ইন্সপেক্টর (এসআই) পরিচয় দেন। এসময় এক কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করলে কর্তব্যরত কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তার ভুয়া পরিচয় ফাঁস হয়ে যায়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, তানিয়া গাজীপুর সদর উপজেলার পিরুজালী মধ্যপাড়া এলাকার আবু তালেবের মেয়ে। তার কাছ থেকে পুলিশের একটি ইউনিফর্ম জব্দ করা হয়েছে। পরে তার বাসায় অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আরও পোশাক ও পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, তানিয়া প্রায়ই পুলিশের পোশাক পরে এলাকায় ঘোরাফেরা করতেন এবং সেসব ছবি ও ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করতেন।