
এই কমিশনের লক্ষ্য, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের মাধ্যমে জাতীয় ঐকমত্য গড়ে তোলা এবং ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নির্ধারণ করা।
নিউজ ডেস্ক : জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনায় অবশেষে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার অনুপস্থিত থাকলেও বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে উপস্থিত হয় দলটি।
কমিশন সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচন এবং জেলা সমন্বয় কাউন্সিলের প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
জামায়াত ছাড়াও বিএনপি, এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) সহ প্রায় ৩০টি রাজনৈতিক দল ও জোট আলোচনায় অংশ নেয়। মঙ্গলবার জামায়াতের অনুপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হলেও, বুধবার তাদের উপস্থিতি সংলাপের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, মঙ্গলবারের বৈঠকে জামায়াত অংশ নেয়নি। দলটির দাবি, প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যৌথ ঘোষণায় জামায়াতকে উপেক্ষা করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদেই বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জামায়াতকে বৈঠকে যোগ দিতে আহ্বান জানানো হলেও, তারা শেষ পর্যন্ত অংশ নেয়নি।
এই কমিশনের লক্ষ্য, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের মাধ্যমে জাতীয় ঐকমত্য গড়ে তোলা এবং ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নির্ধারণ করা।
#ম/শি#।