
নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ বছর ভালোভাবে পূজা উদ্যাপন হচ্ছে। সরকারের পক্ষ থেকে এ বছরই সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। অন্যান্য বছর দুই বা তিন কোটি টাকা পূজা উদ্যাপনের জন্য বরাদ্দ দেয়া হলেও এ বছর চার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) মুন্সীগঞ্জের বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ‘পূজামণ্ডপের আইনশৃঙ্খলা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী, র্যাব ও পুলিশসহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে।’
এর আগে তিনি শনিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া সার্বজনীন পূজামণ্ডপ এবং সিরাজদিখান উপজেলার ইছাপুরা, গোয়ালবাড়ি এবং সন্তোষপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এবং শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার।