নিজস্ব প্রতিবেদক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ-এর জেলা কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী সিটি হাট এলাকায় অবস্থিত রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কয়েকজন নেতা-কর্মী পতাকা উত্তোলন করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি ফেসবুকে আপলোড করা আওয়ামী লীগ কর্মী রুকায়েদ হোসেন রুকু জানান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল হক মাসুদের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন।
স্থানীয় সূত্র জানায়, পতাকা উত্তোলনের সময় কার্যালয়ের সামনে অল্পসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পুরো ঘটনাটি কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়।
ভিডিওতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, দলের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ ও রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাসিক দত্তের নামে স্লোগান দিতে দেখা যায়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘এমন বিষয় আমার জানা নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলেও তাদের কার্যক্রম নিষিদ্ধ। দলীয় কার্যালয়ে গিয়ে এসব করার সুযোগ নেই। পুলিশের চোখে পড়লে তারা গ্রেপ্তার হতেন।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা রাজশাহী জেলা আওয়ামী লীগের এ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল।