
নিউজ ডেস্ক : ঈদুল আজহা উপলক্ষে একদিনেই ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, “ঈদের আগে ছুটি কম থাকায় একদিনে প্রচুর যাত্রী রওনা হয়েছেন। আমাদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও চাপ এত বেশি যে আমরা হিমশিম খাচ্ছি। গত ঈদের মতো নির্বিঘ্ন যাত্রা এবার সম্ভব নাও হতে পারে।
বৃহস্পতিবার (৫ জুন) বেলা আড়াইটার দিকে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আইজিপি জানান, সড়ক-মহাসড়কে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে একসাথে বিপুল সংখ্যক যানবাহন ও যাত্রীর কারণে গতি ধরে রাখা সম্ভব হচ্ছে না। “আমাদের চেষ্টা, গতি কম হলেও যানবাহন যেন থেমে না থাকে,” বলেন তিনি।
তিনি আরও বলেন, “সড়কের মাঝখানে দাঁড়িয়ে যাত্রী তোলার কারণে জটলা তৈরি হচ্ছে। ঈদের আনন্দে মানুষ এমন আচরণ করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে। এ অবস্থায় বলপ্রয়োগ অমানবিক হবে, তাই আমরা তাদের বুঝিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি।
অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে আইজিপি বলেন, “আমি বিআরটিএ ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলব, যাতে তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়।
পরিদর্শনের সময় গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক ও হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।







