
নিজস্ব প্রতিবেদক: ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাহিনীটি।
র্যাব জানায়, ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষ্যে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব ফোর্সেস গত ৩০ ডিসেম্বর থেকে দায়িত্বপূর্ণ এলাকার উল্লেখযোগ্য ভেন্যুসমূহ ও তার পার্শ্ববর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি এবং নিরাপত্তা টহল বৃদ্ধি করেছে। আগামী ১ জানুয়ারি পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে সারা দেশব্যাপী পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে। ‘ইংরেজি নববর্ষ ২০২৫’ উদযাপন উপলক্ষ্যে ইতোমধ্যে জারি করা সব ধরনের আইন-শৃঙ্খলা বিষয়ক নির্দেশনা বাস্তবায়নে র্যাব ফোর্সেস কাজ করছে।
‘ইংরেজি নববর্ষ ২০২৫’ উদযাপন উপলক্ষ্যে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করতে সমগ্র দেশে র্যাবের গোয়েন্দা ও আভিযানিক দল প্রস্তুত রয়েছে। ৩১ ডিসেম্বর রাতে দেশের গুরুত্বপূর্ণ স্থানসমূহে প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও নিরাপত্তা টহল বৃদ্ধি করে নিরাপত্তা নিশ্চিত করেছে র্যাব। এছাড়াও র্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে সাইবার নজরদারির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত অব্যাহত রেখেছে। ঢাকা মেট্রোপলিটন এলাকার গুলশান, বনানী, বারিধারা, উত্তরা, ধানমন্ডি, মিরপুরসহ অন্যান্য এলাকায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, অভিজাত হোটেল ও ক্লাব/বার অধ্যুষিত এলাকায় পূর্ব থেকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে র্যাব।
পাশাপাশি ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত রাজধানীসহ সারা দেশের সব বার ও মদের দোকানসমূহ বন্ধ রাখার ব্যাপারে সরকার প্রদত্ত নির্দেশনা বাস্তবায়নে র্যাব কাজ করছে। এছাড়াও কক্সবাজার ও কুয়াকাটাসহ সব পর্যটন এলাকায় উপলক্ষ্যে লোক সমাগম নিয়ন্ত্রণ করা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব।







