
নিউজ ডেস্ক : সারা দেশে আজ থেকে চিরুনি অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১৩ জুলাই) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১১তম সভা শেষে তিনি এ ঘোষণা দেন।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। সারা দেশের প্রতিটি এলাকায় অভিযান চালিয়ে অপরাধীদের খুঁজে বের করা হবে।
অন্যদিকে, সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের দেওয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির ক্ষমতার মেয়াদ আরও দুই মাস বৃদ্ধি করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আজ থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত সেনা কর্মকর্তারা সারা দেশে এ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।