
নিউজ ডেস্ক: আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির সংগ্রামের ডাক দেন।
সেদিন বজ্রকণ্ঠে তিনি ঘোষণা করেন- “রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” তার এই ঐতিহাসিক আহ্বানে সারা দেশে স্বাধীনতার চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়।
পরবর্তীতে বঙ্গবন্ধুর সেই ভাষণ বাঙালির স্বাধীনতা সংগ্রামের প্রেরণার উৎসে পরিণত হয়। তার আহ্বানে উদ্দীপ্ত হয়ে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদের আত্মত্যাগে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা।
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেয় ইউনেসকো। ২০১৭ সালে সংস্থাটি বঙ্গবন্ধুর ভাষণকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’-এ অন্তর্ভুক্ত করে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের মর্যাদা দেয়।
বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এ ভাষণকে সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদের পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অতীতে রাষ্ট্রীয় মর্যাদায় দিবসটি পালন করা হলেও বর্তমানে সরকারিভাবে তা পালন করা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।