নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনার বিদায়ের পালা এসে গেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আজকের জনসভার পর সারা দেশে যে বার্তাটি যাবে, সেটি হচ্ছে- আগামীকাল বা পরশু নয়, এখনই পদত্যাগ করেন শেখ হাসিনা।’
আজ বুধবার চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিএনপির গণসমাবেশে তিনি এসব কথা বলেছেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, পুলিশের গুলিতে পাঁচ নেতাকে হত্যা ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম বিভাগীয় এ গণসমাবেশের আয়োজন করা হয়।আমীর খসরু বলেন, ‘এই গণসমাবেশে জনগণ যে রায় দিয়েছেন, তারপর এক দিনও ক্ষমতায় থাকা অবৈধ। চট্টগ্রামের মাটি থেকে যে আন্দোলন শুরু হয়েছে তার ফল শিগগিরই ঘরে আনতে পারব। আমরা জীবন দেওয়ার জন্য তৈরি হয়েছি। জীবন দিয়ে গণতন্ত্র আনব, সরকারের পতন ঘটাব। নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন হবে। জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে।’
বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন বলেছেন, ১০ ডিসেম্বরের পর থেকে বেগম খালেদা জিয়ার সরকার চলবে। আর যারা বলছে, খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানোর হুমকি দিয়েছেন, তাদেরকে ১০ ডিসেম্বরের পর খুঁজে পাওয়া যাবে না।
বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেন, ‘শেখ হাসিনার পতন হবে। খালেদা জিয়ার মুক্তি হবে। তারেক রহমান বীরের বেশে দেশে আসবেন।’
গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।