
নিজস্ব প্রতিবেদক : জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেয় দলটি। এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন এই বিবৃতি পাঠান।
বিবৃতিতে বলা হয়, কর্মসূচি পালনের আগে নবগঠিত জেলা ও উপজেলা সমন্বয় কমিটিগুলোকে নিজ নিজ কার্যালয়ে প্রথম কার্যনির্বাহী সভা করার নির্দেশ দিয়েছেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। এরপরই সংশ্লিষ্ট ইউনিটগুলোকে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এনসিপির এক নেতার ভাষ্য, নির্বাচন কমিশনে দলের নিবন্ধনের শেষ সময়সীমা ২২ জুন। এর আগেই প্রয়োজনীয়সংখ্যক জেলা ও উপজেলা কমিটি গঠন ও দলীয় কার্যালয় স্থাপন করেছে এনসিপি।
তিনি বলেন, “কমিটিগুলোর সক্রিয়তা ও কার্যক্রম দেখাতে আমরা কার্যনির্বাহী সভা ও কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। এগুলো মূলত আমাদের সাংগঠনিক শক্তি প্রমাণের অংশ।”
এনসিপি জানায়, এখন পর্যন্ত ৩৩টি জেলা ও ১২৬টি উপজেলায় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির ভিত্তিতে পরবর্তী ধাপে আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
#ম/শি#।