
নিজস্ব প্রতিবেদক : পাবনার সুজানগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে দায়ের করা মামলায় পৌর এলাকার আলতাফ খানের ছেলে নয়ন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেখ আব্দুর রউফের ছেলে রুদ্র বাদী হয়ে মামলায় ২৩ জনকে নামীয় ও ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এছাড়া সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আরও দুটি লিখিত অভিযোগ থানায় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি মজিবর রহমান। তিনি জানান, গ্রেপ্তার অভিযান চলছে এবং অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর কেন্দ্রীয় বিএনপির নির্দেশে তিন সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের কাছ থেকে তথ্য ও ভিডিও সংগ্রহ করে। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিম বলেন, “এটি দলীয় শৃঙ্খলাবিরোধী কাজ। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীর কোনো ছাড় নেই।”
বুধবার দুপুরে সুজানগর বাজারের নন্দিতা সিনেমা হলের সামনে তুচ্ছ ঘটনায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। ওই ঘটনায় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফসহ ১০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন—রউফ শেখ, শেখ কাউছার, মনজেদ শেখ, মজিবর খা, কামাল শেখ, মানিক খা, শাকিল খা, রুহুল খা, লেবু খা ও হালিম শেখ।
প্রতিনিধি দলের সদস্য মাহবুবুর রহমান বলেন, “কাউকে ছাড় না দিয়ে প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।







