
নিউজ ডেস্ক : বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ জুলাই) সকাল ৯টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
বর্তমানে তাঁর মরদেহ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রপ্রবাসী একমাত্র মেয়ে দেশে ফিরলে জানাজার সময় নির্ধারণ করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।
২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এটিএম শামসুল হুদা। রাজনৈতিক সংকটকালীন সময়ে নির্বাচন কমিশনের কার্যকারিতা ও স্বাধীনতা রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন শামসুল হুদা। স্বাধীনতার পর বাংলাদেশ সিভিল সার্ভিসে যুক্ত হয়ে দীর্ঘ সময় ধরে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০০ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি।
পেশাগত জীবনে তিনি বাগেরহাটের মহকুমা প্রশাসক (এসডিও), পানিসম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব, এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। একজন দক্ষ প্রশাসক ও নির্বাচন পরিচালনায় নিরপেক্ষ ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।







