
স্টাফ রিপোর্টার, রাজু আহমেদ : রাজশাহীর পুঠিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এবং রাজশাহী-৫ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিক। বুধবার দিনব্যাপী তিনি পূজামণ্ডপে গিয়ে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
পরিদর্শনকালে আবু বকর সিদ্দিক বলেন, “প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের আমল থেকেই বিএনপির রাজনীতি হলো বাংলাদেশি জাতীয়তাবাদ, যার মূল লক্ষ্য দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা। বিএনপির কাছে বিদেশি নীতির কোনো স্থান নেই। এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে সাম্য, সহাবস্থান ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করবে—এটাই বিএনপির রাজনৈতিক দর্শন।”
তিনি আরও বলেন, “বিগত ১৭ বছরে যেসব ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, তারা হিন্দু সম্প্রদায়ের ওপর দমন-পীড়ন চালিয়েছে, জমি দখল করেছে, নিরাপত্তাহীনতা তৈরি করেছে। কিন্তু বিএনপি সবসময় সজাগ থেকেছে। নেতাকর্মীরা পাহারার দায়িত্ব পালন করেছে এবং হামলা-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে।”
হিন্দু সম্প্রদায়ের প্রতি বিএনপির দায়বদ্ধতার কথা উল্লেখ করে আবু বকর সিদ্দিক বলেন, “আমাদের অনেক নেতাকর্মী হিন্দু সম্প্রদায়ের পক্ষে কথা বলতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন, নির্যাতিত হয়েছেন। কিন্তু আমরা মাঠ ছাড়িনি, কারণ এটা নৈতিক দায়িত্ব ও মানবিক কর্তব্য। আমাদের সবার দায়িত্ব হলো যাতে কোনো ধর্মীয় সংখ্যালঘু আতঙ্কে না থেকে নিরাপদে আনন্দের সঙ্গে উৎসব পালন করতে পারে।”

এ সময় আবু বকর সিদ্দিক শীলমাড়িয়া ইউনিয়নের পচামাড়িয়া সার্বজনীন দুর্গা মন্দির, ছাতারপাড়া দূর্গা মন্দির, ছাতার উত্তরপাড়া দুর্গা মন্দির, লেপপাড়া দূর্গা মন্দির, নান্দীপাড়া দুর্গা মন্দির ও সাতবাড়িয়া দুর্গা মন্দিরসহ একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন। প্রতিটি মণ্ডপে তিনি নগদ অর্থ অনুদান প্রদান করেন এবং পূজার আয়োজক ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সফরসঙ্গী হিসেবে উপজেলা শীলমাড়িয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম,সদস্য আলী আজগর, পুঠিয়া উইনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল খালেক মোল্লা, ২নম্বর ওয়ার্ড সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক কালাম, ভালুকগাছি ইউনিয়নের ২ ওয়ার্ডের সভাপতি হেলাল ডাক্তার,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি নেতাদের এই শুভেচ্ছা সফরকে স্বাগত জানিয়েছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ ভক্তরা। তারা জানান,“বিএনপি নেতারা প্রতিবছর পূজায় আমাদের পাশে থাকেন। এবারও এসে খোঁজ নিয়েছেন, অনুদান দিয়েছেন—আমরা কৃতজ্ঞ।”







