
নিজস্ব প্রতিবেদক : ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হয়েছেন শিবু দাশ। জেলা প্রশাসন, ফেনী ২০২৫ সালে তাঁকে এ সম্মাননা স্মারক প্রদান করে।
শিবু দাশ বর্তমানে রাজশাহীর পুঠিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও পুঠিয়া পৌরসভার প্রশাসক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্বশীল এই কর্মকর্তার কর্মদক্ষতা, মানবিক দৃষ্টিভঙ্গি ও জনবান্ধব পদক্ষেপ তাঁকে স্বল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সাহায্য করেছে।
এর আগে তিনি ছাগলনাইয়া, ফেনীতে দায়িত্ব পালনকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়ে আলোচনায় আসেন।
পুঠিয়াতে এসে বিশেষ করে জনসাধারণের দীর্ঘদিনের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া, পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরাসরি মাঠে নেমে কাজ করায় প্রশংসিত হন তিনি।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় শিবু দাশ বলেন, “এ পুরস্কার আমার একার নয়, এটা জনগণের। মানুষের দোয়া আর ভালোবাসাই আমাকে কাজ করার প্রেরণা দেয়। ভবিষ্যতেও আমি জনস্বার্থে কাজ চালিয়ে যেতে চাই।”
স্থানীয় বাসিন্দারা জানান, পুঠিয়ায় দায়িত্ব গ্রহণের পর থেকেই শিবু দাশ স্যার সাধারণ মানুষের পাশে থেকে নানা সমস্যার সমাধান করছেন। পানি নিষ্কাশনের ব্যবস্থাসহ একাধিক উদ্যোগ তাঁকে আলাদা করে তুলে ধরেছে।







