
জাহিদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে মনাকষা ইউনিয়নের তুতাপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজি মুস্তাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় মাসুদপুর বিওপি’র একটি টহল দল সীমান্ত থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ অভিযান চালিয়ে এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
অধিনায়ক জানান, নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে এসব অস্ত্র আনা হচ্ছিল। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শান্তি রক্ষায় বিজিবি সদস্যদের এই সতর্ক অবস্থান এবং চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।