
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঐতিহ্যবাহী খেতুরী ধামে হিন্দু ও আদিবাসী সনাতনী সম্প্রদায়ের মিলনমেলা ও আলোচনা সভায় স্থানীয় বিএনপি নেতার নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। এতে ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।
শনিবার (১৪ জুন) দুপুরে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা। লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনটির গোদাগাড়ী উপজেলা কমিটির আহ্বায়ক উপেন্দ্রনাথ মণ্ডল।
সংগঠনটির দাবি, ১৩ জুন অনুষ্ঠানে প্রায় ১২ হাজার ভক্তের জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের উপস্থিত থাকার কথা ছিল।
তবে এর আগের দিন, ১২ জুন দুপুর ২টার দিকে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু তার সমর্থকদের নিয়ে খেতুরী ধামে হামলা চালান বলে অভিযোগ ওঠে। তারা মন্দিরে তালা লাগিয়ে দেয় এবং অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি বন্ধ করে দেয়। এ সময় খেতুরী ধামের ম্যানেজার গোবিন্দ চন্দ্র পাল ও সংগঠনের সদস্য সহদেব কুমার পান্নাকে মারধর করে মন্দির থেকে বের করে দেওয়া হয়।
এ ঘটনায় ভয়ে উপস্থিত ভক্তরা এলাকা ত্যাগ করেন। পরে নিরাপত্তা বিবেচনায় মিলনমেলা অনুষ্ঠানটি বাতিল করা হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঘটনার পর ভুক্তভোগীরা থানা বা প্রশাসনের কাছে অভিযোগ না দিলেও, জেলা বিএনপির কাছে লিখিত অভিযোগ দিয়ে বিচার দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি প্রণয় কুমার দাস (আলোক মাস্টার), বৈষ্ণব সৎ সংঘ গোদাগাড়ী উপজেলার সাধারণ সম্পাদক সহদেব কুমার পান্না, সংগঠনের সদস্য মলিন সরদার প্রমুখ।