
নাটোর প্রতিনিধি: নাটোর-৩(সিংড়া) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। তিনি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক। আনোয়ারুল ইসলাম আনু সিংড়া দমদমা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ। তবে দলীয় পরিচয় ছাপিয়ে এলাকায় রয়েছে তাঁর আরেকটি পরিচয়। তিনি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিন কণিকার চাচা। সেই সম্পর্ক পলকের চাচাশ্বশুর আনোয়ারুল ইসলাম আনু।
আজ বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনোয়ারুল ইসলাম আনুর চুড়ান্ত মনোনয়ন ঘোষণা করেন।
জানা যায়, ২০০৮,২০১৪,২০১৮ ও ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩(সিংড়া) আসন থেকে নির্বাচিত হন জুনাইদ আহমেদ পলক। ২০০৮ সালের নির্বাচনে পলকের বিপরীতে বিএনপির প্রার্থী ছিলেন সাবেক সংসদ সদস্য প্রবীণ নেতা অধ্যাপা কাজী গোলাম মোর্শেদ ও ২০১৮ সালে তরুণ নেতা দাউদার মাহমুদ। ২০২৪ সালের ৫ই আগস্টের পর এই দুই নেতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলের মনোনয়ন চেয়ে ব্যাপক গণসংযোগ শুরু করেন। তবে গত অক্টোবরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দুই মনোনয়ন প্রত্যাশীকে বাদ দিয়ে ফোনে ‘গ্রীন সিগনাল’ দেন সিংড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনুকে। তবুও গত নভেম্বরের শুরতে ২৩২টি আসনে বিএনপি দলীয় প্রার্থীর নাম ঘোষণা করলেও স্থগিত রাখা হয় নাটোর-৩ আসনটি। এরপর মনোনয়নপ্রত্যাশীকে একাধিক বিএনপি নেতা গণসংযোগ শুরু করেন। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার এ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা হল।
এদিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল শেষে অধ্যক্ষ আনু মনোনয়নের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নাটোর-৩ আসন বিএনপির ঘাঁটি। আসন্ন নির্বাচনে জয়ী হয়ে এই আসনটি দলকে উপহার দিতে চাই।
তবে সাবেক প্রতিমন্ত্রী পলকের সাথে পারিবারিক সম্পর্কের ব্যাপারে বক্তব্য জানতে ফোনে যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া গেছে।
প্রসঙ্গত, নাটোর-৩ আসনে জামায়াতে ইসলামী থেকে অধ্যাপক সাইদুর রহমান ও এনসিপি থেকে জার্জিস কাদির বাবু প্রার্থী হচ্ছেন। তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে অধ্যক্ষ আনু।