
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে মরদেহ সৎকারে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে পবা উপজেলার হরিপুর বেড়পাড়া গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে হরেন সাহা (৬৫) -এর মরদেহ ভেসে ওঠে। পরে বিকেলে গোদাগাড়ীর খারিজাগাতি সংলগ্ন নদী থেকে দীলিপ (৩২) -এর মরদেহ উদ্ধার করা হয়। দীলিপের বাড়ি ফরাদপুর গ্রামে এবং হরেন সাহার বাড়ি ডুমুরিয়া গ্রামে।
শনিবার সকাল ১০টার দিকে গোদাগাড়ীর প্রেমতলী এলাকায় প্রায় ২০-২৫ জন ব্যক্তি পদ্মা নদী পার হয়ে চরে একটি মরদেহ সৎকার করতে যাচ্ছিলেন। এ সময় নদীতে প্রবল স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়। নৌকার অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ হন। কিছুক্ষণ পর কাঁঠালবাড়িয়া গ্রামের জিতেন মণ্ডল (৬০) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিখোঁজ দুজনকে উদ্ধারে শনিবার দিনভর আত্মীয়-স্বজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালালেও তাদের খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যায় ডুবুরি দল ফিরে গেলেও স্বজনেরা সারা রাত নদীতে খোঁজ চালিয়ে যান। রোববার সকালে বেড়পাড়া এলাকায় হরেন সাহার মরদেহ ভেসে ওঠে। পরে বিকেলে খারিজাগাতি এলাকায় দীলিপের মরদেহ উদ্ধার করা হয়।
প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান জানান, নিখোঁজদের মরদেহ আত্মীয়-স্বজনরা উদ্ধার করেছেন। সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় আগের দিন শনিবারই গোদাগাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।







