
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে ফ্যাসিস্ট ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীকে বিএনপিতে আশ্রয় দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন—চৌপুকুরিয়া গ্রামের শাহেদ আলী, রেজাউল ইসলাম (৪৫) ও তার ছেলে ইমন (২০)।
স্থানীয়রা জানান, রেজাউল স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে আশ্রয় দিচ্ছে এমন অভিযোগ করেন বিএনপি কর্মী বাক্কার। এমন অভিযোগকে কেন্দ্র করে বিকেলে কাঁঠালবাড়িয়া বাজারে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘটনার জের ধরে সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে বাক্কারের ভাই শাহেদ, রেজাউল ও তার ছেলে ইমনের আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
দুর্গাপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।