
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টন এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, বিপিএম।
বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় তিনি হাসপাতালে পৌঁছে আহত সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসাধীন পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির পাশাপাশি উন্নত চিকিৎসারও আশ্বাস দেন।
আইজিপি বলেন, “পুলিশ সদস্যরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। মাদক নির্মূলের মতো স্পর্শকাতর অভিযানে তারা সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমরা তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছি।”
পুলিশ সদর দপ্তরের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজধানীর পল্টন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় মাদক ব্যবসায়ীদের ছোড়া গুলিতে গোয়েন্দা পুলিশের কয়েকজন সদস্য আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আইজিপির এই সফর আহত সদস্যদের প্রতি পুলিশের সর্বোচ্চ কর্তৃপক্ষের দায়িত্বশীলতা ও সংবেদনশীলতার প্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
#ম/শি#।







